সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এমএ মালিক) বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ফলে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে বাড়িটির বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলিতে তার বাসায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য ও তার স্ত্রী বাসায় অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।