ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি (ব্র্যাক) ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক (প্রশাসন) সরাফাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির উপপরিচালক আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পরিচালক মুনশী নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিরুল ইসলাম, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার ময়নুল ইসলাম, বড়দল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রধান শিক্ষক বলাই কৃষ্ণ মণ্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, জামায়াতের ইউনিয়ন আমির মাওলানা ওয়াজেদ আলী, শরিফুল ইসলাম শরিফ, আরিফুল ইসলাম বকুল, সেকেন্দার আলী, আঙ্গুর হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সুব্রত কুমার হালদার ও বাকী বিল্লাহ।
সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুনশী নূর মোহাম্মদের পরিচালনায় মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী জরুরি করণীয় বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়। এতে একদল শিল্পী ও কলাকুশলী বিভিন্ন পরিস্থিতি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন।
এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিপিপির স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকার মানুষের মধ্যে আগাম প্রস্তুতি, সতর্কতা অবলম্বন, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহড়ায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।