কক্সবাজারের পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদকে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কক্সবাজার সরকারি কলেজসংলগ্ন দক্ষিণ জানারঘোনার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বিশিষ্ট চলচ্চিত্রকার, লেখক এবং এসএ টিভির সম্পাদক (নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডিজিটাল) মাহমুদ দিদার ও দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ তাঁর সন্তান।
শুক্রবার বাদ জুমা পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ উদ্যোগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।