সাতক্ষীরার দেবহাটায় চুরির চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারে অবস্থিত বৈশাখী এন্টারপ্রাইজে চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় চুরির চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে মোঃ শাওন শেখ (২৩), যিনি বর্তমানে চাঁদপুর এলাকায় বসবাস করেন। অপরজন মাঝ সখিপুর গ্রামের মোঃ সেলিম গাজীর ছেলে মোঃ নয়ন হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় দেবহাটা থানায় ২৭ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-১০ দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারের পর শুক্রবার তাদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। পাশাপাশি এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।