কক্সবাজারের পেকুয়ায় কামারের দোকানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) মেরামতের সময় সনজিত কর্মকার (৪২) নামে এক অস্ত্র কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় অবস্থিত তাঁর কামারের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সনজিত কর্মকার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল কর্মকারপাড়া এলাকার মৃত গগন কর্মকারের ছেলে। বর্তমানে তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বহদ্দারহাট এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হাজির বাজার এলাকায় সনজিত কর্মকারের কামারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে একটি দেশীয় তৈরি এলজি মেরামত করা অবস্থায় পাওয়া যায়। পরে অস্ত্রটি জব্দ করে সনজিত কর্মকারকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় একটি কামারের দোকানে অভিযান চালিয়ে অস্ত্র মেরামতের সময় এক কারিগরকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্রসংক্রান্ত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।