শনিবার সকাল ৯টায় চকরিয়া পৌরশহরের আবাসিক মহিলা কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী সাতজন শিক্ষার্থীকে দস্তারবন্দীর মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মাদরাসার বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জনকারী ২৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল আরেফিন আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক রাসেল ও মাদরাসার সুপার আবুল মাসরুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের একমাত্র এভারেস্টজয়ী চিকিৎসক ও পর্বতারোহী ডা. বাবর আলী। তিনি বলেন, “প্রত্যেক মানুষের জীবনে একটি করে এভারেস্ট রয়েছে। সেই লক্ষ্য অর্জনে নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের সভাপতি অধ্যক্ষ ফখরউদ্দিন ফরায়েজি, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মঈনুদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।