জলিল, নিউজ ভিশন প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় রুবেল নামের এক পেশাদার ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করেছে।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
জানা যায়, গত সোমবার রাত প্রায় ২টার দিকে উত্তর নুনিয়াছড়া এলাকায় এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় রুবেল। পরে ভুক্তভোগী তাকে চিনতে পারলে বিষয়টি স্থানীয়দের জানান।
এরপর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন রুবেলকে আটক করে।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার ছিনতাইকারী হিসেবে সক্রিয় ছিলেন এবং সুযোগ পেলেই পথচারীদের টার্গেট করে ছিনতাই করতেন।
ঘটনার পর এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।