নুরুল ইসলাম সুমনঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অভিযানে প্রায় ৪ হাজার সদস্য অংশ নিয়েছেন।
জানা গেছে, জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশমুখ দিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন। অভিযানে ৫৫০ জন সেনাসদস্য, ১ হাজার ৮০০ পুলিশ, ৩৩০ এপিবিএন, ৪০০ র্যাব ও ১২০ বিজিবি সদস্য অংশ নিয়েছেন। পাশাপাশি ১৫টি এপিসি, তিনটি ডগ স্কোয়াড এবং তিনটি হেলিকপ্টার রিজার্ভ রাখা হয়েছে। এলাকার প্রবেশ ও বাহিরের পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করা হয় এবং মামলায় প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। এরপর ওই এলাকায় সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা বাহিনী।