প্রবাসী বয়ফ্রেন্ডকে রুমমেটদের আপত্তিকর ছবি পাঠানো ইবির সেই ছাত্রী বহিষ্কার
- আপডেট সময় : ১১:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের মেয়েদের গোপন ছবি তুলে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুবাউল জান্নাত ঐশীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বহিষ্কারের বিষয়ে জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, “গত রোববার লাস্ট আওয়ারে আমাদের কাছে তদন্ত কমিটির রিপোর্ট আসে। তারপরের দিন আমরা হল বডিতে মিটিং করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা এবং এ ব্যাপারে কী কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তা আমরা নিয়েছি। আর আজকে সেটা কার্যকর করছি। প্রথমত, ওই মেয়েকে হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দ্বিতীয়ত ছবিগুলো যাতে আর কখনো যেন ভাইরাল না হয় সেজন্য অভিযুক্ত ছাত্রী এবং তার পিতা-মাতার থেকে স্ট্যাম্পের উপরে মুচলেকা নেওয়া হয়েছে যাতে করে হলের মেয়েদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত হয়।”
প্রসঙ্গত, অভিযুক্ত ছাত্রী তুবাউল জান্নাত ঐশীর যুক্তরাজ্য প্রবাসী ‘আবিদ’ নামে এক ব্যক্তির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে অনুুমতি ছাড়া সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও প্রেমিককে পাঠাতো। একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি ঘটলে ওই ব্যক্তি সেগুলোর কিছু অংশ হলের ভুক্তভোগীদের কাছে পাঠান। ঘটনা জানাজানি হলে হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে অভিযুক্তকে থেকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রীর ২টি ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ করে হল প্রশাসন। তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন হলটির আবাসিক শিক্ষক অধ্যাপক ড. খোন্দকার আরিফা।























