কচ্ছপিয়া-গর্জনিয়ার মানুষ পুলিশবান্ধব: রামুর ওসি মুনিরুল
- আপডেট সময় : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ পুলিশবান্ধব বলে মন্তব্য করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, এ এলাকার মানুষের সহযোগিতার কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বর্তমানে এখানে খুন-রাহাজানি বা বড় ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি মুনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, কচ্ছপিয়া ও গর্জনিয়ার মানুষ সবসময় পুলিশের পাশে রয়েছেন। তবে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা মাঝে-মধ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ কঠোর অবস্থানে থাকায় বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ওসি আরও বলেন, পুলিশে জনবল সংকট থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যথাসাধ্য দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের নানা ঝুঁকির মধ্যেও কাজ করতে হয়। এ অবস্থায় এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ এগিয়ে এসে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও দ্রুত ও সফলতার সঙ্গে কাজ করতে পারবে। এ জন্য তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রামু থানার সেকেন্ড অফিসার বিমল কান্তি দে, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান, পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের সভাপতি ও কচ্ছপিয়া কে.জি. স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম, গর্জনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা দিদারুল আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, বিএনপি নেতা ও সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, রামু উপজেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম শাহীন, যুবদল নেতা দেলোয়ার হোসেন এবং কচ্ছপিয়া মৎস্যজীবী দলের সদস্যসচিব আবু রোবান বাপ্পি প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত সিনিয়র উপপরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী, এসআই শাহরিয়ার কালাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউনুস, এএসআই টুটুল রুদ্রসহ পুলিশের অন্যান্য সদস্যরা।























