ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া ১০তলা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে বাগানবাড়ির তুসুকা, মাসকো, মন্ডল গার্মেন্টস, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া ১০তলা এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এবং এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ এবং ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সকাল থেকে সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। মহাসড়ক অবরোধকালে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মাঠে রয়েছে।