কক্সবাজারের পেকুয়ায় প্রতি বছরের মতো এবারও অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পূর্ব উজানটিয়া ইউনিয়নের গোদারপাড় এলাকার মারকাজুল ইউসুফ মাদ্রাসায় পাক্ষিক পেকুয়া, পেকুয়া প্রেসক্লাব ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাক্ষিক পেকুয়ার সম্পাদক ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত ব্যক্তিগত প্রেস সচিব ছফওয়ানুল করিম।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। পাশাপাশি গুরুতর চক্ষু সমস্যায় আক্রান্ত ৫১ জন রোগীকে অস্ত্রোপচারের জন্য প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাঁদের চট্টগ্রামের হালিশহরে অবস্থিত এলিট আই কেয়ার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর এসব রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, চট্টগ্রামের এলিট আই কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডভোকেট জিল্লুর রহমান, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহের প্রতিনিধি মোহাম্মদ ইসহাক মেম্বার, ফাউন্ডেশনের পরিদর্শক মাওলানা আ. ন. ম. আহমদুল্লাহ, উপজেলা যুবদল নেতা ইয়াছিন আরাফাত, সাংবাদিক এফ এম সুমন, সোহেল আজিম, দেলোয়ার হোছাইন, বাহার উদ্দিন, শহীদুল ইসলাম, ইউনুস ও হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধকের বক্তব্যে ছফওয়ানুল করিম বলেন, মানুষের সেবা করা সবচেয়ে বড় মানবিক কাজ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ আয়োজন। চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অথচ আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। আমরা চাই, পেকুয়ার কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পেকুয়া প্রেসক্লাব, পাক্ষিক পেকুয়া ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। গুরুতর চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।