টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুনকে গ্রেপ্তার করল র্যাব
- আপডেট সময় : ১২:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন ছৈয়দের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল।
র্যাব-১৫ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা হারুনের অবস্থান শনাক্ত করে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার হারুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব-১৫ জানায়, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫-এর এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





















