চকরিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ
- আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনায় চকরিয়া থানার উদ্যোগে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, ধর্মীয় পুরোহিত, বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি ডুলাহাজারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে আয়োজিত সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশে মিলিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুর রহমান জানান
, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















