কক্সবাজারে টানা বর্ষণে ভয়াবহ পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্পসহ ৪ স্থানে নিহত ৯
- আপডেট সময় : ১১:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নুরুল ইসলাম সুমন, কক্সবাজারঃ টানা ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক চারটি পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তিনটি স্থান এবং কক্সবাজার শহরের একটি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি/৬ ব্লকে রাত ১টা ১০ মিনিটের দিকে পাহাড়ধসে একটি বসতঘর মাটিচাপা পড়ে। এতে রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাস (৪) নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এর কিছুক্ষণ পর উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ধসে একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত একরাম মোহাম্মদ রশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ জানান, পাহাড়ি ঢলে ঘর চাপা পড়ার পর স্বেচ্ছাসেবকদের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
একই রাতে প্রায় ৩টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকে আরও একটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হন। নিহতরা হলেন— উম্মে হাবিবা (২৭), তানজিনা আক্তার (১৩), মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
অন্যদিকে সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজন চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আলী আকবর নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন দ্য ডেইলি ক্যাম্পাস কে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও দুই দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



















