নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতির নামে কোনো গুণ্ডামি চলবে না, চাঁদাবাজি চলবে না। যে করবে, সে যে দলেরই হোক, আত্মীয় স্বজন কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না।
এ ব্যাপারে যুবকদের এগিয়ে আসতে হবে। এখানে ফেরি ঘাট হবে, আপনারা ঘাটে ৫ টাকার জায়গায় ৫০ টাকা নেওয়ার চেষ্টা করবেন না। এগুলো চলবে না।
সোমবার (১ জুন) সরকারি সফরে এসে নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাটের একটি অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন।
এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘আজকে আমি বলে যাচ্ছি, যারা ঘাটের ডাক (ইজারা) নিয়েছেন, আমার কাছ থেকে টাকা নিয়ে যান, ঘাট ফ্রি করে দেন। কাল বা পরশু আমার সঙ্গে যোগাযোগ করবেন, হাজিরহাটে গিয়ে আমার থেকে টাকা নিয়ে আসবেন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষের জন্য রাজনীতি করি।
এখানে এসপি সাহেব আছে, বিআইডব্লিউটিএর লোক আছেন, যাদের থেকে ডাক এনেছেন। তাদের সামনে বলে গেলাম।’
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা আসো আমরা একমত হই। আমি তোমাদের সঙ্গে একমত আছি। তোমরাও আমার সঙ্গে একমত হয়েছ। না হলে আমার বক্তব্যে সাড়া দিতা না।’
তিনি আরো বলেন, ‘আমি টাকাওয়ালা লোক নই, কিন্তু আমি ভোর রাতে যদি আমার মালিককে (আল্লাহ) বলি, আমার টাকা জোগাড় হয়ে যাবে। অতএব কথা আমার স্পষ্ট। আল্লাহর রাসুল ৬৩ বছর বেঁচে ছিলেন। তিনি আড়াই শ কোটি ফলোয়ার রেখে গেছেন। আমার আর বাঁচার দরকার নেই, এমপি হওয়ারও দরকার নেই। আপনারা আমার সঙ্গে থাকুন। এই রামগতি-কমলনগরে আমরা যদি ৩-৪টা জিনিস করে দিতে পারি, তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে স্বরণ রাখবে।’