র্যাবের চেকপোস্টে ধরা পড়ল ইয়াবার চালান, ১০ হাজার পিস উদ্ধার
- আপডেট সময় : ১০:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনে দিয়ে অতিক্রম করবে।
সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৫টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় সিপিসি-১ র্যাব ক্যাম্পের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. মোবারক (১৯)-কে আটক করা হয়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেখানো মতে সিএনজি অটোরিকশার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মোবারক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরাপাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



















