সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন
- আপডেট সময় : ০৭:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও সাজানো’ দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন প্রথিতযশা অনুসন্ধানী সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন বিভিন্ন সময়ে দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে আবুল কাশেম বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন। এতে অল্প সময়ের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়ায় প্রতিপক্ষের একটি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় একের পর এক মামলা দিয়ে সাংবাদিক আবুল কাশেমকে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ কয়েকদিন আগে টেকনাফ থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে জড়ানোর মাধ্যমে আবারও হয়রানি করা হচ্ছে। বক্তারা দাবি করেন, টেকনাফের চিহ্নিত কিছু মাদক কারবারির মদদ ও অর্থায়নে এসব হয়রানিমূলক মামলা করা হচ্ছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। একই সঙ্গে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এ ঘটনার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু ও জহিরুল আলম সাগর প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খবরের কাগজের রাজু দাশ, কালবেলার জুলফিকার আলী ভুট্টো, নাগরিক টেলিভিশনের আসাদুজ্জামান অপু, সমকালের হিরো আলম, শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, ফয়সাল আলম সাগর, তানবীরুল ইসলাম, কপিল উদ্দিন, ইয়ার রহমান আনান, সুনিপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, রুবেল খান, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজসহ চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিকরা।



















