আবু হেনা মোস্তফা কামালের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে জবিতে সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে কবি সুফিয়া কামাল এবং কবি ও গীতিকার আবু হেনা মোস্তফা কামালের স্মরণে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আবু হেনা মোস্তফা কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্রধান অতিথির বক্তব্যে ড. সাবিনা শরমীন বলেন, আবু হেনা মোস্তফা কামাল বাংলা সাহিত্যাঙ্গনের এক অনন্য প্রতিভা। তাঁর সাহিত্যকর্মে গভীর চিন্তাশীলতা, সৃজনশীলতা ও প্রজ্ঞার অসাধারণ সমন্বয় লক্ষ্য করা যায়। নতুন প্রজন্মের কাছে এ ধরনের গুণী সাহিত্যিকদের জীবন ও কর্ম তুলে ধরতে এ ধরনের সেমিনারের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতির ধারাকে ধারণ করে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিকশিত করা উচিত। ভবিষ্যতে নিজেদের কর্ম ও সৃষ্টিশীলতার মাধ্যমে শিক্ষার্থীরা যেন পূর্বসূরিদের সাফল্যকে অতিক্রম করতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সাহিত্যের সামাজিক দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে ট্রেজারার বলেন, অতীতের সাহিত্যকর্মে সমাজের প্রতি গভীর অঙ্গীকারবোধ প্রতিফলিত হয়েছে। সাহিত্যিক ও কবিদের সঙ্গে সমাজের নিবিড় সম্পর্ক তাঁদের সৃষ্টিকর্মকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছিল। আবু হেনা মোস্তফা কামালের সাহিত্যকর্মেও তাঁর সময়, সমাজ ও মানুষের জীবনবোধের প্রতিফলন ঘটেছে।
জবি বাংলা বিভাগের অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু।
সেমিনারের মূল প্রবন্ধ ‘কবিতা ও গানে কবি আবু হেনা মোস্তফা কামাল’ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীম আরা। প্রবন্ধের আলোচকরা আবু হেনা মোস্তফা কামালের কবিতা, গান ও সামগ্রিক সাহিত্যকর্মের নান্দনিকতা, ভাষাশৈলী এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে ‘সুফিয়া কামাল: জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনে বাংলা ভাষা ও সাহিত্যের দুই বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন, সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়।
সেমিনারে বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য-সংস্কৃতিমনারা উপস্থিত ছিলেন।























