কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা গোলদীঘির খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে খালটি দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রায় ৫০০ শ্রমিকের অংশগ্রহণে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা ও দখলকৃত অংশ অপসারণের কাজ করা হয়।
স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকদের উদ্যোগে, দীর্ঘদিনের দাবি এবং উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় খালটি উদ্ধারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি অবৈধ দখল ও স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগ সৃষ্টি হতো। খালটি দখলমুক্ত হলে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
দীর্ঘদিনের দখলদারত্ব থেকে খালটি উদ্ধারে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে উদ্ধার করা খালটি যেন ভবিষ্যতে আবারও কেউ দখল করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
সহকারী কমিশনার(ভূমি) আনিসুল ইসলাম বলেন : নদী, খাল হলো আমাদের জাতীয় সম্পদ।মাননীয় প্রধানমন্ত্রী মরা নদী- খাল উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং প্রত্যেক জেলায় ভরাটকৃত খাল খননের উদ্যোগ নিয়েছেন, স্হানীয় ও সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি এই খাল জাল বা বেড়া দিয়ে দখল করছে,তাই এই দখলকৃত খাল উন্মুক্ত করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়, ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে।