বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
- আপডেট সময় : ০১:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির টহলদলকে লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগে আত্মরক্ষার্থে গুলি চালালে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। আহত ব্যক্তি ও তার সহযোগী পরে ভারতে পালিয়ে যায় ।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলির ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারাল অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়।
এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।















