কক্সবাজারের চকরিয়া সরকারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে আগামী ২৪ আগস্ট (সোমবার) বিনামূল্যে বুকের এক্স-রে সেবা প্রদান করা হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাহাড়িয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
বিশেষ করে দীর্ঘদিন ধরে কাশি, দীর্ঘস্থায়ী জ্বর, অস্বাভাবিক ওজন কমে যাওয়া, দুর্বলতা কিংবা যক্ষ্মার (টিবি) সন্দেহজনক উপসর্গ রয়েছে—এমন ব্যক্তিদের বিনামূল্যে এ বুকের এক্স-রে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সময়মতো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসা গ্রহণ সম্ভব। তাই নিজের ও পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের অসুস্থ ব্যক্তিদেরও এ বিনামূল্যের সেবা সম্পর্কে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।