মিয়ানমার আরকান আর্মির হাতে আটক২৪জেলেকে ফেরত আনলো বিজিবি
- আপডেট সময় : ০২:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ফরহাদ আমিন:
সাগরে মাছ ধরার সময় আরকান আর্মির হাতে আটক২৪জেলেকে ফেরত আনলো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
বুধবার(১৯আগস্ট)দুপুরে নাফনদীর শূন্যরেখায় আরকান আর্মি জেলেদের বিজিবির একটি প্রতিনিধিদল এর কাছে হস্তান্তর করেন।পরে সেখান থেকে তাঁদের টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিঘাটে ট্রলার করে নিয়ে আসা হয়।
দুপুরে পৌরসভার নাফনদী সংলগ্ন ট্রানজিট জেটিঘাটে এক সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন,বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুই দেশের সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় বিভিন্ন সময় আরকান আর্মির হাতে এসব জেলে আটক হন।
তিনি আরও বলেন,পরে বিজিবির প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা ২৪জনের মধ্যে ১৮জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন রোহিঙ্গা।যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীসহ বিজিবি,প্রশাসন ও মিডিয়াকর্মীরা প্রমুখ।
আরাকান আর্মির হাতে প্রায় নয় মাস জিম্মি থাকার পর দেশে ফিরেছেন সাবরাংয়ের কোয়ানছড়ি পাড়ার মো:শফিক বলেন,ছয় মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্বে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। সেই সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে ধরে নিয়ে যান।প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হত।প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে হত।কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হত।সারাদিনের জন্য দেওয়া হতো একবেলা ভাত। অবশেষে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করে তিনি আরও বলেন,দেশে এসে বিজিবি’র কাছ থেকে নয় মাস পর ভালোভাবে খাবার পেয়েছি।সেখানে রোহিঙ্গাসহ আরও অর্ধশতাধিক জেলে আটকা রয়েছেন।
উল্লেখ্য,সর্বশেষ ১৬ফেব্রুয়ারি নাফনদীর শূন্যরেখায় আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আরাকান আর্মির কাছে আটক থাকা৭৩জেলেকে ফিরিয়ে এনেছিল বিজিবি।তাদের মধ্যে৬৬জন বাংলাদেশি এবং ৭জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিল।




















