নিউজ ডেস্ক :
দেশে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বুধবার বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
বুধবার রাজধানীর আইইবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
ঘোষণা অনুযায়ী, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া খুচরো পর্যায়ের ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে লাইফ লাইনে প্রথম ৫০ ইউনিট ব্যবহারকারীদের জন্য ৬৯ বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা, প্রথম ধাপে শূন্য থেকে ৭৫ ইউনিটের জন্য ৯২ পয়সা বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা, দ্বিতীয় ধাপে ৭৬ থেকে ২০০ ইউনিটের জন্য ১ টাকা ৩০ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদরে জন্য ১ টাকা ৫১ পয়সা বাড়িয়ে ৯ টাকা ১০ পয়সা, চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ১ টাকা ৬০ পয়সা বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা, পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ১৫ টাকা ১ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে গ্রাহকদের জন্য ২ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গ্রাহক পর্যায়ের পাশাপাশি পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে।অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) সঞ্চালন ব্যয় বিবেচনায় বিদ্যুতের সঞ্চালন মূল্যহার (হুইলিং চার্জ) ভারিত গড়ে প্রতি ইউনিট ৩১ টাকা ৩৫ পয়সা থেকে ৩৮ টাকা ৮৬ পয়সা করা হয়েছে। প্রতি ইউনিটে ২৪ শতাংশ বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে।
গত ৩ থেকে ৬ মের মধ্যে বিদ্যুৎ উৎপাদক, সঞ্চালক ও বিতরণকারী সংস্থা-কোম্পানিগুলো বিইআরসিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম এবং সঞ্চালন মাশুল বাড়ানোর আবেদন করে। গত ২০ ও ২১ মে বিইআরসির গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।
সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।