নিউজ ডেস্ক :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে ছাত্রলীগের ১১ জন নেতার অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার পর এর ব্যাখ্যা দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) বিকেলে কলেজ ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
ছাত্রদল নেতাদের দাবি, গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদল ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করার পরই অভিযোগ ওঠে যে এতে বাংলাদেশ ছাত্রলীগের ১১ জন নেতাকে রাখা হয়েছে।
তবে তারা বলেন, যাদের নিয়ে সমালোচনা হচ্ছে তারা সবাই এম-৫৯ ব্যাচের শিক্ষার্থী এবং ওই সময় তাদের বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই শিক্ষার্থীরা ছাত্রলীগের কোনো সক্রিয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। বরং তারা বিগত আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যাচাই-বাছাই করেই তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।