নুরুল ইসলাম সুমন, কক্সবাজার:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস, মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৪টা ১০ মিনিটে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার থেকে প্রায় ২০০ মিটার উত্তরে ভিলেজারপাড়া এলাকার করিম বাবুর্চির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১২-২৫৬৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—ঢাকা ডিএমপির উত্তরখান এলাকার আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। তবে বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।