কুবিতে স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি:
২০২৬ ফুটবল বিশ্বকাপের আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) স্পোর্টস ক্লাবের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ম্যাচে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার (২২ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল। এ সময় খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা।
জানা যায়, ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠা ম্যাচে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের প্রায় ২০ মিনিটে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোয়েব গোল করে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তাঁর এ গোলে ব্রাজিল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক গোল পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা মেলেনি। পরে রেফারি অতিরিক্ত পাঁচ মিনিট সময় যোগ করেন। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে কর্নার কিকের সুযোগ পায় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আমীর গোল করে দলকে সমতায় ফেরান। ফলে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়।
ম্যাচ উপভোগ করতে আসা আর্জেন্টিনা দলের সমর্থক শাহাদাত হোসেন রাফি বলেন, ‘খেলাটি শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে খেলা শুরু হয় এবং শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের মাধ্যমে শেষ হয়। পুরো সময়জুড়ে দুই দলের সমর্থকরা আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই খেলাটি উপভোগ করেন। শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, আরও জোরদার করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।’
কুবি ছাত্রদলের আহ্বায়ক ও ব্রাজিল সমর্থক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘বাংলাদেশজুড়ে বর্তমানে ফুটবল বিশ্বকাপের আমেজ বিরাজ করছে। সেই উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে শিক্ষার্থীদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে কুবি ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভবিষ্যতেও বিশ্বকাপের এই আনন্দ ও আমেজ ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ‘
স্পোর্টস ক্লাবের সভাপতি এইচ. এম পিয়াস বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের উদ্যোগে আজ আয়োজন করা হয়েছে আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর এক প্রীতি ফুটবল ম্যাচ। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ক্যাম্পাসের খেলোয়াড়দের নিয়ে আমরা এই আয়োজন করেছি।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশজুড়ে এমন বন্ধুত্বপূর্ণ ম্যাচগুলো যেমন মানুষকে একত্রিত করছে, তেমনি আমাদের মাঝেও তৈরি হচ্ছে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য আর খেলাধুলার প্রতি নতুন ভালোবাসা। এটা শুধু একটা ম্যাচ নয়, বরং খেলোয়াড়দের আবার মাঠে ফেরানোর এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তোলার এক সুন্দর উপলক্ষ।যারা সময় করে খেলা দেখতে এসেছেন, উৎসাহ দিয়েছেন এবং এই আয়োজনকে সফল করেছেন— কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’























