মাদারগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক কৃষকের
- আপডেট সময় : ১১:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার(২১জুন) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুসা ফকির উত্তর চরবওলা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,রোববার বিকেলে বাড়ির গরুর খাদ্যের জন্য পাশের মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা.নাহিদুজ্জামান জানান,হাসপাতালে আনার আগেই মুসা ফকিরের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন,বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



















