গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় তার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে দুপুরের পর পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বার ভাঙচুর করা হয়।
অন্যদিকে, রোববার সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত মোসলেম আলী টুঙ্গিপাড়া থানায় কর্মরত। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।