আটক হলেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে আটক করেছে পুলিশ
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় বাসিন্দারা তার অবস্থানের খবর পেয়ে বাসাটি ঘিরে ফেলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও নিরাপত্তার কারণে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা ও বিভিন্ন মামলার বিষয়ে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়।
এডভোকেট কামাল ছিলেন জেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তাঁর। তবে দলের মনোনয়ন পাননি। তাঁর দাবি, মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিসহ দলের নেতাদের নগদ ও চেকে ৩০ লাখ টাকা দিয়েছিলেন, তবু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। টাকা ফেরত চেয়ে একটি মামলা করে প্রথমবারের মতো আলোচনায় আসেন কামাল উদ্দিন। মামলার পর তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
মামলা ও বহিষ্কার হওয়ার এ ঘটনা চার বছর আগের। তবে সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে নতুন করে আলোচনায় আসেন কামাল উদ্দিন। অবশ্য আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করে নানা মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বছর দেড়েক ধরে আলোচনায় রয়েছেন তিনি।
পেশায় আইনজীবী কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ–আইনবিষয়ক সম্পাদক ছিলেন। প্রায় চার বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।