মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা শাখা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়া ও ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম (ইসলাম কমিউনিটি সেন্টার)-এ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, লেখক ও মোটিভেশনাল স্পিকার এবং বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ব্যারিস্টার আল মামুন রাসেল।
শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার আল মামুন রাসেল বলেন, ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে শুধু চাকরির পেছনে ছুটলে হবে না। নিজের দক্ষতা ও যোগ্যতা তৈরি করতে হবে। তাঁর ভাষায়, ‘প্রজাপতি পিছনে ঘুরিয়েও ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পেছনে ঘুরবে।’ এখানে ফুলের চাষ বলতে তিনি ক্যারিয়ার ও দক্ষতা গড়ে তোলার কথা বোঝান।
তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার চিন্তা করতে হবে। একজন সফল উদ্যোক্তা নিজে কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের চর্চা করার আহ্বান জানান। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।