কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী সফর, উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ
- আপডেট সময় : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই সফর ঘিরে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচঞ্চলের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ জুন) তিনি কক্সবাজার সফরে যাবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী এ সফরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নবগঠিত পৌরসভা ও উপজেলার ভিত্তি প্রস্তর স্থাপন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান।
দলীয় সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বশীল অবস্থায় কক্সবাজার সফরের পর এবার দীর্ঘ বিরতিতে পুনরায় এ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি হবে পর্যটন নগরী কক্সবাজারে তার প্রথম সরকারি সফর।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়।
সফরসূচী অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় কক্সবাজার পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। সেখান থেকে তিনি জুলাই গণঅভ্যুত্থান-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তর স্হাপন করবেন।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে ৪টায় চকরিয়া পৌরবাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নিয়ে মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত পরিদর্শন করে রাত ১০টায় ঢাকার উদ্দেশে ফ্লাইটে কক্সবাজার ত্যাগ করবেন।

















