—
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিরোধ, জুলাইয়ের গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছে জুলাই ঐক্য, চট্টগ্রাম। একইসঙ্গে পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
বৈঠকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম তাৎক্ষণিকভাবে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জকে ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান তানজিমের নেতৃত্বে জুলাই ঐক্যের নেতারা স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, জুলাইয়ের গণহত্যাকারী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
এ সময় নেতারা বলেন, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা নিজেদের নিরাপত্তা এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওসমান গণি, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. আরিফুল হক আরিফ, চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি এম এ হাশেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. সবুজ, হাটহাজারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় এবং চট্টগ্রাম মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রিয়াজ শাহরিয়ারসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।