মোঃ সাঈদী আকবর ফয়সালঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রকৌশলী মো. রেজাউল করিম ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পিডিবির ৩৯তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (বিতরণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২২ আগস্ট বিদ্যুৎ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হন।
১৯৬৭ সালের ৭ জুন বগুড়া জেলায় জন্মগ্রহণকারী রেজাউল করিম ১৯৮৯ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালের ১৭ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে খুলনা বিদ্যুৎ কেন্দ্রে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি একই বিদ্যুৎ কেন্দ্রে উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্ল্যান্টে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ২০২২ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিউবোর প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণাঞ্চল), চট্টগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি চেক প্রজাতন্ত্র, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন।