স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
জমির নামজারি (মিউটেশন) প্রক্রিয়া দ্রুত সম্পন্ন এবং এ ক্ষেত্রে ঘুষ–দুর্নীতি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে—বিশেষ করে তিন দিনের মধ্যে নামজারি সম্পন্ন করতে হবে। কোনো কর্মকর্তা অর্থের বিনিময়ে এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, অতীতে নামজারি করতে গিয়ে তাকেও অতিরিক্ত অর্থ দিতে হয়েছিল। ভবিষ্যতে সাধারণ মানুষ যেন এমন ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাহান্দার আলী মিয়া আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যেন স্বৈরাচারী আচরণে না জড়ায় এবং দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা টেন্ডারবাজির মতো কর্মকাণ্ডে যুক্ত না হয়—সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং গড়ে ওঠা প্রতিরোধ এবং জমি দখলের অপচেষ্টা বন্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
সাবেক সংসদ সদস্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় অনেক এলাকায় সড়ক, রাস্তাঘাট ও খাল উন্নয়ন হয়নি। তিনি জানান, খাল ও নদীর পানি সংরক্ষণ নিশ্চিত করতে সারাদেশে খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে।
পেয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত ওসমানের সভাপতিত্বে এবং নুরুজ্জামান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী, আড়িয়াল খাঁ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ বাদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।