মো: বেলাল হোসেন পাটোয়ারী :
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রিইউনিয়ন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) ফেনী সরকারি কলেজের খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। এতে ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাসুদ করিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা হায়াত মাহমুদ জুয়েল। ঢাকা কলেজ ছাএদলের যুগ্মআহবায়ক আবদুল কাইয়ুম রূপমসহ অন্যান্য।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্ত মিয়াজী।
বর্তমান সভাপতি সিদ্দিক মুন্না তার বক্তব্যে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর পরিচিতি পর্ব, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
রিইউনিয়ন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে কেক কাটা এবং গ্রুপ ফটোগ্রাফির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ফেনী জেলার শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় বন্ধন বজায় থাকে।