নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মো: আজিম উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ভিত্তিহীন, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংশ্লিষ্ট দপ্তর।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন, লাইন সংস্কার ও গ্রাহকসেবা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লাইন আপগ্রেড বা সম্প্রসারণের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নীতিমালা মেনেই কাজ করা হয়। কোনো গ্রাহকের কাছ থেকে ব্যক্তিগতভাবে অর্থ গ্রহণ বা রাজস্ব ফাঁকির অভিযোগ সঠিক নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কর্মকর্তাদের বদলির বিষয়ে বলা হয়, এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। সেবার মান উন্নয়ন ও দাপ্তরিক প্রয়োজনেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য এতে নেই।
সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে জানানো হয়, মাঠপর্যায়ে তদারকি ও পরিদর্শনের জন্য নিয়ম মেনেই গাড়ি ব্যবহার করা হয়। অপব্যবহারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, মিটার ও ট্রান্সফরমার সংকটের বিষয়ে দপ্তরের ব্যাখ্যা, এটি জাতীয় পর্যায়ের সরবরাহ ও কারিগরি সীমাবদ্ধতার অংশ। এসব সমস্যা নিরসনে চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মো: আজিম উদ্দিন জানান, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গুজবে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।