নিউজ ডেস্ক :
নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বুধবার সকালে দায়িত্ব নিয়েছেন।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকালে আলী হোসেন ফকির পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার দেয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আলী হোসেন ফকির।
পনেরতম বিসিএসের পুলিশ ক্যাডার আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তার জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।
আলী হোসেন ফকির ঢাকা মহানগর পুলিশ ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি কসোভা ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।
দেশে ফেরার পর খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন।
২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর পদোন্নতি দিয়ে প্রথমে উপ মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের অগাস্টে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়। তিনি ২০২৪ সালের অক্টোবর থেকে এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন।