মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমা তুজ জোহরা।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলী উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, বীর মুক্তিযোদ্বা আতাউর রহমান, তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রঞ্জন মজুমদার সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনই বাঙালি জাতির স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহিদদের স্মরণ করে বক্তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,
শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।