নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২ টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তারেক গালামাল ষ্টোর, ফরিদ ষ্টোর এবং আরেকটি দোকানের কিছু রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের প্রায় ১ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা মালামালসহ আসবাবপত্র সবকিছু পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে নিশ্চিত করা হবে।