ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

‎শান্তিগঞ্জে মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা: হাওর বাঁচাও আন্দোলনের নিন্দা

প্রতিবেদক
News Desk
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ

Link Copied!


‎স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
‎মোহাম্মদ কয়ছর আহমদ–এর প্রথম মতবিনিময় সভায় এক সাংবাদিকের বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাওর বাঁচাও আন্দোলন, শান্তিগঞ্জ উপজেলা কমিটি।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

‎সভায় বক্তব্য দিতে গিয়ে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সভাপতি ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম- দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার বিষয়টি জনসম্মুখে  তুলে ধরে আসছেন। বক্তব্যকালে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান জায়গীরদার খোকন এবং ২৩ নম্বর পিআইসির সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর তার বক্তব্যে বাধা দেন বলে তিনি অভিযোগ করেন।

‎মো. আবু সঈদ দাবি করেন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে বিভিন্ন পিআইসি কমিটিতে অপ্রয়োজনীয় প্রকল্প অন্তর্ভুক্ত এবং অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ প্রদানের উদ্যোগের তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন। বিশেষ করে পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ‘বাড়ি রক্ষা বাঁধ’ শিরোনামে ছয়টি পিআইসি গ্রহণের উদ্যোগ নেওয়া হলে তিনি পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে সরেজমিন পরিদর্শন করেন এবং প্রকল্পগুলো পিআইসির আওতাভুক্ত না হওয়ায় তিনি সুপারিশ করেননি। এছাড়া ছাইল্লানি হাওরের ৬৪,  ৬৫ ও ৬৬ নম্বর পিআইসি অনুমোদনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে অক্ষত ও অপ্রয়োজনীয় প্রকল্প হিসেবে তিনি অসম্মতি জানান বলেও উল্লেখ করেন।

‎তিনি আরও বলেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বর্তমানে ২৪টি পিআইসি চলমান রয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, এসব প্রকল্পে দলীয় প্রভাব খাটিয়ে কমিটির সদস্যদের জিম্মি করে নামমাত্র কমিটি গঠন ও গোপন চুক্তির মাধ্যমে কাজ বাস্তবায়নের চেষ্টা চলছে। এসব অনিয়মের বিষয় তিনি প্রকাশ্যে তুলে ধরায় সংশ্লিষ্টদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় তার বক্তব্যে বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

‎উপজেলার গুরুত্বপূর্ণ এক সভায় সংসদ সদস্য, ইউএনও ও জ্যেষ্ঠ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য দিতে গিয়ে বাধা ও হেনস্তার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হাওর বাঁচাও আন্দোলন, শান্তিগঞ্জ উপজেলা কমিটি তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।
‎এদিকে, অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

‎ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আরও পড়ুন

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

সকলেই মিলে নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়তে হবে: জেলা প্রশাসক

শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন মো. আমিনুল ইসলাম

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

মিঠাপুকুরের রাণীপুকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি দোকান ভস্মীভূত

চকরিয়ায় ৩ সাংবাদিকের উপর বালু খেকো নাজিমের হামলা

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুবির তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়ি দুর্ঘটনা কবলে-শিশুর মৃত্যু, এলাকায় উত্তেজনা

তারেক রহমান শহীদ মিনারে মোনাজাতের মাধ্যমে নতুন ধারার রাজনীতির সূচনা করেছেন।