প্রেস বিজ্ঞপ্তিঃ
ঢাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (IBBL)-এর চাকরিচ্যুত প্রায় পাঁচ হাজার কর্মকর্তার মানবিক সংকট বিবেচনা করে তাঁদের দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন ডুলহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাওয়াত। সম্প্রতি এক খোলা চিঠির মাধ্যমে তিনি এই আবেগঘন ও মানবিক আবেদনটি পেশ করেন।
চিঠিতে মোহাম্মদ জাওয়াত মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে উল্লেখ করেন যে, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। এর ফলে প্রায় পাঁচ হাজার ব্যাংকার ও তাঁদের পরিবার বর্তমানে চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে এমন অনেক পরিবার রয়েছে যেখানে স্বামী ও স্ত্রী উভয়েই একই ব্যাংকে কর্মরত ছিলেন এবং বর্তমানে দুজনেই কর্মহীন। একটি পরিবারের উপার্জনের একমাত্র উৎস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের লেখাপড়া, বৃদ্ধ পিতা-মাতার চিকিৎসা, বাসাভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ছাত্রনেতা জাওয়াত তাঁর চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্ব, ন্যায়বিচার ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তিনি বিনীতভাবে অনুরোধ জানান যেন এসব পরিবার যারা চাকরি হারিয়েছেন, তাঁদের অতিদ্রুত পুনর্বহাল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। চিঠিতে তিনি আরও বলেন, এই কর্মকর্তাদের অশ্রু শুধু একটি পরিবারের কষ্ট নয়; এটি আমাদের সামষ্টিক মানবিক দায়িত্বের আহ্বান। সরকারের সহানুভূতিশীল ও দূরদর্শী সিদ্ধান্ত বহু অসহায় পরিবারের জীবনে পুনরায় আশার আলো জ্বালাতে পারে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।
পরিশেষে তিনি আল্লাহ তায়ালার নিকট তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় আরও সাফল্য কামনা করেন।