মানবসেবাই পরম ধর্ম। আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব।
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ ঘোষিত 'জাতীয় সেবা মাস-২০২৬' উপলক্ষে এপেক্স ক্লাব অব বার আউলিয়ার উদ্যোগে চট্টগ্রামের অক্সিজেনস্থ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে এক বিশেষ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে বৃদ্ধাশ্রমের নিবাসী প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় মশারী বিতরণ ও ডেঙ্গু সচেতনতা মূলক আলোচনা ও লিপলেট বিতরণ করা হয়। একই সাথে তাদের মাঝে সকালের খাবার বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন ডিস্ট্রিক্ট-৩ এর গভর্নর এপেক্সিয়ান গোরাম কবীর এবং ডিস্ট্রিক্ট সচিব এপে. বাবুল রঞ্জন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-৩ এর ২০২৭ বর্ষের ডিজি ক্যান্ডিডেট এবং এপেক্স ক্লাব অব বার আউলিয়ার অতীত সভাপতি এপেক্সিয়ান জনাব শেখ মহিউদ্দিন আলমগীর সহ বার আউলিয়া ক্লাবের অন্যান্য একঝাঁক নেতৃবৃন্দ।
এপেক্স ক্লাব অব বার আউলিয়ার প্রেসিডেন্ট রবিউল হাসান তানজিম বলেন, বৃদ্ধাশ্রমের এই অবহেলিত মানুষগুলোর মুখে এক চিলতে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়াতে পারা অত্যন্ত তৃপ্তির। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের সামান্য সহযোগিতা ও ভালোবাসার অপেক্ষায় দিন গুনছেন। আমাদের ছোট একটি উদ্যোগ বা একটুখানি সহানুভূতি সমাজে বড় পরিবর্তন আনতে পারে। আসুন, আমরা যার যার অবস্থান থেকে এই ধরনের মানবিক ও সেবামূলক কাজে এগিয়ে আসি এবং একে অপরের সহযোগিতায় একটি সুন্দর, সুরক্ষিত ও মানবিক সমাজ গড়ে তুলি।