কক্সবাজারের চকরিয়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, ৮৩ রাউন্ড গুলি ও ৭৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর রাতে খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি কাচারী পাড়ায় অভিযান চালিয়ে একটি পুরোনো স্কুলব্যাগের ভেতর থেকে একনলা বন্দুকটি উদ্ধার করে পুলিশ।
এরপর ১৭ সেপ্টেম্বর দুপুরে চিরিংগা ইউনিয়নের বালুছিড়া সওদাগর ঘোনা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪১ রাউন্ড রাইফেলের গুলি, ৪২ রাউন্ড মেশিনগান ক্যালিবারের গুলি, ৪৯টি রাইফেলের গুলির খোসা ও ২৪টি মেশিনগান ক্যালিবারের গুলির খোসা উদ্ধার করা হয়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।