আনন্দঘন ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখা’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কোরআন, সুন্নাহ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মাদারীপুর ব্রাঞ্চের সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ হাবীবুল্লাহ আল আমিনের সভাপতিত্বে এবং অত্র শাখা প্রিন্সিপাল ইনচার্জ জনাব মুহাম্মদ সাইফুল ইসলামের সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কোরআনের হাফেয তৈরির প্রত্যয়ে পরিচালিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর লুৎফর রহমান খান, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মীম আতিকুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, আহমাদিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সাবেক আমীর ও অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুছ ছোবহান খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ওহিদুল ইসলাম, খামারবাড়ী নেছারিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ জনাব শাহ শিব্বির আহমাদ এবং ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আ. গফফার মিয়া।
মেহমানবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কেবল কোরআনের হাফেজ তৈরিতেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে কোরআনের আলোয় আলোকিত, দেশপ্রেমিক ও সুনাগরিক প্রজন্ম গঠনে এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা উত্তরা শাখার প্রিন্সিপাল জনাব মাহমুদুল হাসান, ফাউন্ডেশনের ডিরেক্টর জনাব সাইদুর রহমান, মাদারীপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহমুদুল হাসান, মাদারীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব তাজুল মাতুব্বর,তানযীম ইন্টারন্যাশনাল তাহফিয স্কুল উত্তরা শাখার প্রিন্সিপাল জনাব সাদ আহমেদ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে সমাপনী বক্তব্যে ব্রাঞ্চ চেয়ারম্যান মুহাম্মদ হাবীবুল্লাহ আল আমিন আয়োজনে অংশগ্রহণ ও সার্বিকভাবে পাশে থাকার জন্য অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি একটি আনন্দমুখর ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।