বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের আওতাধীন চকরিয়ার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল দল গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো—চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চকরিয়া গ্রামার স্কুল।
সম্প্রতি স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা নবগঠিত স্কুল দলের সদস্যদের তালিকা চকরিয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিমের ডেপুটি টিম লিডার মোহাম্মদ ইশফাতুল হাসান ইশফাতের কাছে হস্তান্তর করেন।
শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী মনোভাব, নেতৃত্বের গুণাবলি, দুর্যোগ প্রস্তুতি, প্রাথমিক চিকিৎসা এবং মানবসেবার চেতনা জাগ্রত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত স্কুল দলগুলোর সদস্যরা বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি দুর্যোগকালীন সময়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
মানবতার সেবায়, আমরা সবাই একসাথে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।