তানবীরুল ইসলাম
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
চকরিয়া থানা এলাকায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে আধিপত্য বিস্তার, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্প্রতি চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে সংঘটিত অপরাধ দমনে নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পর পরিকল্পিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), বালুর চর, ডুলাহাজারা;
রমজান আলী (৩৫), উলুবুনিয়া, ডুলাহাজারা;
নাসির উদ্দিন (৬০), রিংভং, ছগিরশাহকাটা;
ছোটন মাহমুদ (২৮), লক্ষ্যারচর পূর্বপাড়া;
জমির উদ্দিন বাবুল (৪২), কোরালখালী, সাহারবিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ‘হোয়াইট গোল্ড’ খ্যাত চিংড়ি খাতকে সুরক্ষিত রাখতে এবং প্রকৃত মৎস্যচাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর অবস্থান বজায় রাখবে পুলিশ।