প্রতিবেদক, জুবায়েদ মোস্তফা
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ৩ নং সুহিলপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর সুহিলপুর গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন উত্তর সুহিলপুর প্রবাসী সমাজ কল্যান সংগঠন এর উদ্যোগে গতকাল (১৯ মার্চ) ১৫০টি অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ৬১,৫০০ টাকার ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ইদ সামগ্রী হিসেবে প্রদান করা হয়েছে ২ কেজি চাল, ১ কেজি আটা, ১/২ কেজি সয়াবিন তেল, ১/২ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ ও পরিমাণমত কিসমিস। পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এই ইদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ কাওসার মিয়া, সভাপতি মোঃ আক্তার আহমেদ, অর্থ সম্পাদক মোঃ ইয়াকুব আলী এবং পরিচালক মোঃ বায়েজিদ মোস্তফা প্রমুখ। এই ব্যাপারে সভাপতি মোঃ আক্তার আহমেদ বলেন, আমাদের সংগঠনটি একট অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের বিভিন্ন অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করা। আগামী বছর আমরা আরো বেশি মানুষকে দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিচালক মোঃ বায়েজিদ মোস্তফা বলেন, উত্তর সুহিলপুর গ্রামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে এই সংগঠনটি অনেক কার্যকরী ভূমিকা পালন করে আসছে। ২০২০ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে আজ পর্যন্ত প্রায় নয় লক্ষাধিক টাকা ব্যয় করে ১৮টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি এলাকায় এমন সামাজিক সংগঠন থাকলে এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য অনেক উপকার হতো। বিশেষ করে আমাদের উত্তর সুহিলপুরের মত গরীব এলাকায় এমন একটি মহতী সংগঠন যেভাবে কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে এলাকার জন্য আশীর্বাদ বয়ে আনছে।