নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ঈদুল ফিতর ও সরকারি লম্বা ছুটিকে ঘিরে পাহাড়ের কন্যা খ্যাত বান্দরবানে পর্যটকদের আগাম হোটেল-মোটেল বুকিংয়ের হিড়িক শুরু হয়েছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ২৩ থেকে ২৬ মার্চের জন্য জেলার অধিকাংশ হোটেল-মোটেলের প্রায় ৭০–৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে আগাম বুকিং হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২১ ও ২২ মার্চের জন্য বুকিং তুলনামূলক কম থাকলেও ২৩, ২৪, ২৫ ও ২৬ মার্চের জন্য পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি। এ সময়ের জন্য ইতোমধ্যে অধিকাংশ হোটেলের ৭০–৮০ শতাংশ কক্ষ বুকড হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ কক্ষ বুকিং হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পর্যটন ব্যবসায়ীরা জানান, বছরজুড়ে প্রকৃতিপ্রেমী পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বান্দরবান। বিশেষ করে ঈদ, শীতকাল ও দীর্ঘ ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। গত কয়েক বছর বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটক সমাগম কমে গেলেও বর্তমানে সব স্পট উন্মুক্ত থাকায় পর্যটকের চাপ বাড়তে শুরু করেছে।
ফানুস রিসোর্টের মালিক ইমরান উদ্দিন বাবু জানান, ২৩ থেকে ২৬ মার্চের জন্য তাদের রিসোর্টের প্রায় ৭০ শতাংশ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে। ঈদের সময়ের আগেই সব কক্ষ বুকড হয়ে যাবে বলে তিনি আশা করছেন।
হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার ইসমাইল হোসেন সুমন বলেন, তাদের হোটেলের ২৩–২৬ মার্চ সময়ের জন্য এখন পর্যন্ত প্রায় ৬০–৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়েছে।
অন্যদিকে হোটেল হিল ভিউর ম্যানেজার তামজিদুল হায়দার জানান, তাদের হোটেলে ২১–২২ মার্চের জন্য প্রায় ৬০ শতাংশ এবং ২৩–২৪ মার্চের জন্য প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে।
হোটেল স্কাই ব্লুয়ের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন বলেন, ২৩–২৪ মার্চের জন্য তাদের হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে বুকড।
লামা রিসোর্ট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন রফিক জানান, তাদের তালিকাভুক্ত ৫২টি রিসোর্টের মধ্যে উন্নত মানের অধিকাংশ রিসোর্টের কক্ষ ঈদের ছুটিকে সামনে রেখে আগাম বুকিং হয়ে গেছে।
এদিকে ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ও চিম্বুকসহ গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।