নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে দেলোয়ারা বেগম তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “দেয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং দুই শিশু আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”